দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুঠোফোনে পরিচয়, এরপর চ্যাটিং। সেই যোগাযোগ একসময় গড়ায় প্রেমে। প্রায় দেড় বছর পর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এলেন ৩৫ বছর বয়সী জিয়াং। বরিশালের বাকেরগঞ্জের তরুণী জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। পরে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
জিয়াং চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। ইভা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।
ইভা জানান, ২০২৪ সালে মুঠোফোন কেনার জন্য ঢাকার বসুন্ধরা এলাকায় গেলে তিনজন চীনা নাগরিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মাধ্যমে মুঠোফোনে জিয়াংয়ের সঙ্গে পরিচয় হয়। এরপর চ্যাটিংয়ের মাধ্যমে তাঁদের যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে সেই যোগাযোগ গড়ায় প্রেমের সম্পর্কে।
ইভার ভাষ্য, প্রায় দেড় বছর সম্পর্কের পর গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। সেদিনই তাঁদের প্রথম সরাসরি দেখা হয়। পরদিন ৪ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের জন্য এফিডেভিট করেন তিনি। এরপর রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে ইভাকে বিয়ে করেন জিয়াং।
সম্প্রতি জিয়াংকে নিয়ে গ্রামের বাড়ি বাকেরগঞ্জে যান ইভা। গত ১০ সেপ্টেম্বর সেখানে গায়ে হলুদের আয়োজন করা হয়। শুক্রবার ১১ সেপ্টেম্বর দুপুরে পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়।
ইভা বলেন, ‘জিয়াং গ্রাম খুব পছন্দ করেন। বাবা-মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার বিয়েতে বড় আয়োজন করার। তাই গ্রামে এসে অনুষ্ঠান করা হয়েছে।’
স্বামীর সঙ্গে যোগাযোগের বিষয়ে ইভা বলেন, জিয়াংয়ের ভাষা তিনি অল্প বুঝতে পারেন। বাকিটা অনুবাদ অ্যাপের মাধ্যমে কথা বলেন। জিয়াং পরিবারের সবার সঙ্গে সুন্দর ব্যবহার করছেন। তিনি দেশীয় খাবার ও গ্রামের পরিবেশও পছন্দ করেছেন।
অনুবাদ অ্যাপের মাধ্যমে জিয়াং জানান, অনলাইনে চ্যাটিংয়ের সূত্র ধরে ইভার সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের কারণেই বাংলাদেশে এসে বিয়ে করেছেন। পরে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
ইভার বাবা জাকির হাওলাদার বলেন, ‘জামাই হিসেবে জিয়াংকে আমরা মেনে নিয়েছি। এক মাসের বেশি সময় ধরে সে বাংলাদেশে আছে। আমার মেয়ের পাসপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে। কিছুদিন পর ইভাকে নিয়ে সে চীনে ফিরে যাবে।’
তবে জিয়াংয়ের বাংলাদেশে আসা ও বিয়ের বিষয়ে তাঁরা অবগত নন বলে জানিয়েছে পুলিশ। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, জিয়াং বৈধ পাসপোর্টে বাংলাদেশে এসেছেন কি না এবং স্থানীয় এক নারীকে বিয়ে করেছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।
এমএস/